অরণ্য, ঝাড়গ্রাম ২৫শে মার্চ:
অর্জুন মাহাতো আলুচাষির কান্নাকে সঙ্গী করে প্রচারে নামলেন। ঝাড়গ্রামের গ্রামেগঞ্জে সিপিআইএম প্রার্থীর প্রচার ঝাড়গ্রাম লাগোয়া লোহামেলিয়া, জমনিকাটার মতো কুর্মি অধ্যুষিত গ্রামগুলিতে সকাল থেকেই জোরদার প্রচারে নামলেন ঝাড়গ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অর্জুন মাহাতো। গ্রাম থেকে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন তিনি।
প্রচারের মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে আলু চাষীদের দুর্দশার কথা। চাষের খরচ বাড়লেও ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা—এমন অভিযোগই বারবার শোনা যায় চাষীদের মুখে। অনেকেই জানান, বাজারে আলুর দাম ওঠানামা করলেও উৎপাদনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে অর্জুন মাহাতো কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, চাষীদের ন্যায্য দাম এবং সরকারি সহায়তা নিশ্চিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। তাঁর কথায়, “চাষীরা বাঁচলে তবেই গ্রাম বাঁচবে, আর গ্রাম বাঁচলেই বদল আসবে।” গ্রামবাংলার মাটিতে দাঁড়িয়ে কৃষকদের এই সমস্যাকেই হাতিয়ার করে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন সিপিআইএম প্রার্থী।
